ভোলায় পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষক অশোক চন্দ্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার সকালে সদর উপজেলা ধনিয়া ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে এই ঘটনার সুষ্ঠু বিচার এবং অপরাধীর কঠোর শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে রাস্তায় নেমে আসেন। মানববন্ধনে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত শিক্ষকের গ্রেফতার ও সর্বোচ্চ আইনি শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
তারা বলেন, শিক্ষাঙ্গন যেখানে শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হওয়ার কথা, সেখানে শিক্ষকের দ্বারাই যদি শিক্ষার্থীরা এমন পাশবিক নির্যাতনের শিকার হয়, তবে সমাজ ও শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে।
প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।