Logo
প্রিন্টের তারিখ: 31 July 2026 | প্রকাশের তারিখ: Jul 31, 2026

সংবাদ শিরোনাম : ভোলার মনপুরায় নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

ভোলার মনপুরায় নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

ভোলার মনপুরায় খালসংলগ্ন একটি স্লুইস গেটের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর মাদ্রাসা ছাত্র মাহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝেরঘাট (বেইজ্জার খাল) এলাকার স্লুইস গেট থেকে প্রায় ১০০ মিটার দূরে খালপাড়ের গাছের ঝোপে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করে।


এর আগে বৃহস্পতিবার সকাল থেকে মনপুরা ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান পরিচালনা করেন। বিকেল থেকে কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তারা তাকে খুঁজে পাননি।


জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে মাঝেরঘাট খালসংলগ্ন স্লুইস গেটের পানিতে তলিয়ে যায় মাহিন (১০) নামে ওই শিক্ষার্থী। তিনি মাঝেরঘাট নুরানী মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র এবং উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের মো. মামুনের ছেলে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোলা প্রেস ২০২৬
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF