Logo
প্রিন্টের তারিখ: 31 July 2026 | প্রকাশের তারিখ: Jul 31, 2026

সংবাদ শিরোনাম : ভোলায় নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি

ভোলায় নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি

একদিকে ভয়াল মেঘনা, অন্যদিকে ভিটেমাটি হারানোর শঙ্কা। প্রতিদিন নদীর গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি আর মানুষের আজীবনের সঞ্চয়। আর তাই বাঁচার দাবিতে এবার রাজপথে নেমেছেন শিবপুর ও মেদুয়ার হাজারো মানুষ।

মেঘনা নদীর অব্যাহত ভাঙনে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ভোলা সদর উপজেলার শিবপুর ও মেদুয়া ইউনিয়নের মানুষ। প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

নদীভাঙন থেকে রক্ষায় স্থায়ী সিসি ব্লক ও নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে সোমবার ভোলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন ভাঙনকবলিত এলাকার হাজারো নারী-পুরুষ।

সকালে শিবপুর ও মেদুয়া ইউনিয়নের বাসিন্দারা ভোলা সদরের যুগির ঘোল এলাকায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় তারা ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ করেন।

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী পাউবো কার্যালয় ঘেরাও করে তাদের দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরেন। কর্মসূচি চলাকালে ভাঙনকবলিত দুই ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, অতীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও তা কোনো স্থায়ী সমাধান দিতে পারেনি। বরং অনেক স্থানে জিও ব্যাগ সরে গিয়ে ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

তাদের অভিযোগ, বছরের পর বছর নদীভাঙনের শিকার হলেও এখনও কার্যকর কোনো স্থায়ী প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে হারিয়ে যাচ্ছে।

বিক্ষোভকারীরা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থায়ী সিসি ব্লক নির্মাণ এবং টেকসই নদী রক্ষা বাঁধ বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তারা।

নদীভাঙনের এই সংকট থেকে রক্ষা পেতে এখন সরকারের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের অপেক্ষায় শিবপুর ও মেদুয়া ইউনিয়নের হাজারো মানুষ।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোলা প্রেস ২০২৬
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF